বিমান বাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবাহিনীর সাবেক প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুলতান মাহমুদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টর ও পরবর্তীতে সেক্টর এক-এর কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।
প্রধানমন্ত্রী এই অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।









