আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষিত দল থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে তার সমর্থকরা। এসময় তারা তাকে দলে ফিরিয়ে আনার আহ্বান করেন। রিয়াদকে দলে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা।
বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ফিরিয়ে আনতে জমায়েত হয়ে এসব কথা জানান এই ক্রিকেটারের ভক্ত-সমর্থকরা।
সমর্থকরা বলেন, রিয়াদ একজন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান। তাকে এভাবে বাদ দেওয়াটা মোটেই ঠিক হয়নি। আমরা আবেগ নয়, পারফরম্যান্সের বিচারে কথা বলছি। যখন দেখলাম রান করার পরেও তাকে বাদ দেওয়া হলো, তখনই সিদ্ধান্ত নিলাম প্রতিবাদ করবো। আমাদের দাবি একটাই, মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ফেরত আনতে হবে।
তারা বলেন, ১৯৯৯ সালে মিনহাজুল আবেদীন নান্নুকে যখন দল থেকে বাদ দিয়েছিল তখন কিন্তু আমরা এই রকম জনসমাবেশ করেছিলাম। তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাকে দিলে ফেরানো হয়েছিল। আমরা সবাই জানি প্রধানমন্ত্রী ক্রিকেট অনুরাগী। তিনি এই ব্যাপারে অনেক খোঁজ-খবর রাখেন। তাই আমরা আশা করি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাহমুদউল্লাহ রিয়াদ আবার দলে ফিরবে।
এসময় তারা বলেন, ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের বেশি অন্তর্ভুক্ত করা উচিত। ক্রিকেট বোর্ডের নেতৃত্ব ক্রিকেট সংশ্লিষ্টদের কাছেই দেওয়া উচিত, অন্য কারও কাছে নয়। এসময় কেউ কেউ মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি করার দাবিও জানান।








