বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক, দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার মঙ্গলবার (২৯ আগস্ট) এক বার্তায় শোক প্রকাশ করেন।
আরও পড়ুন: অশ্রুসিক্ত বিদায়, শ্রদ্ধা-ভালোবাসায় চিরসমাহিত কাজী শাহেদ আহমেদ
দলের পক্ষ থেকে কাজী শাহেদ আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাসদ এই দুই নেতা জানান, কাজী শাহেদ আহমেদ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়া সত্ত্বেও শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লেখালিখি, শিক্ষা, ক্রীড়ার গভীর অনুরাগী ছিলেন। তিনি দেশে সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করে দেশে আধুনিক সাংবাদিকতা ও গণমাধ্যমের একটি নতুন ধারা তৈরি করেছিলেন।
তারা আরও বলেন, কাজী শাহেদ আহমেদ যুদ্ধাপরাধীদেরদের বিচারের দাবিতে আন্দোলনসহ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও সংবেদনশীল সজ্জন হারালো।









