সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালত প্রাঙ্গণে কোনও আইনজীবী মিটিং-মিছিলে অংশ নিলে তিনি বাংলাদেশের আর কোনও আদালতে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না।
বুধবার (৩০ আগস্ট) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আজ আদালত প্রাঙ্গণে কোনও ধরনের মিছিল-সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ কারণে এখন থেকে আদালত প্রাঙ্গণে কোনও ধরনের মিছিল করলে সেটা আদালত অবমাননা হবে। যে আইনজীবী মিছিল-মিটিংয়ে অংশ নেবেন, তিনি কোনও আদালতে শুনানিতে অংশ নিতে পারবেন না।
এর আগে সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনও ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ বিএনপির সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য ১৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।
২০০৫ সালে বিচারপতি আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল সমাবেশ না করার নির্দেশ দিয়েছিলেন।









