নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলা বিচারপতিদের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানের পাশের গেট থেকে বের হয়ে প্রধান ফটক পর্যন্ত এ মিছিল করেন তারা।
মিছিল শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আপনাদের নিশ্চই মনে আছে, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কাজল যে নির্বাচনে (চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার নির্বাচন) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে আমাদের আইনজীবী ও সাংবাদিকদের কারা পিটিয়েছিল। তাদের নির্দেশদাতা ছিলেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আমি আমার মুখের কথা বলছি না। এফআইআর-এ সুস্পষ্টভাবে লেখা আছে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের নির্দেশে সুপ্রিম কোর্টে পুলিশ প্রবেশ করে।’
কায়সার কামাল বলেন, ‘আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাই, কোন মদতে আপনারা আমাদের আইনজীবী ও সাংবাদিকদের পেটাতে পুলিশ পাঠিয়েছিলেন? এই দুজন সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে। সুতরাং আইনজীবী সমাজ আপনাদের ছাড়বে না।’
তিনি আরও বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এই শব্দটি আজ শুধু জাতীয়ভাবে নয় বরং আন্তর্জাতিকভাবে একটি কোডে পরিণত হয়েছে। আমরা আগেও বলেছি এখনও বলছি যারা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন তারা দয়া করে পদত্যাগ করুন। শপথ নিয়ে কেউ রাজনৈতিক নেতা হতে পারেন না। শপথবদ্ধ রাজনীতিবিদ একটি নতুন টার্ম। আপনারা যেহেতু সেই টার্মে নিজেদের অভিহিত করেছেন সেহেতু নিজেরা পদত্যাগ করে অন্তত সুপ্রিম কোর্টকে বাঁচান। এই মহামান্য সুপ্রিমকোর্ট মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। এ জায়গাকে কলঙ্কিত করবেন না।
এ সময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতারা মিছিল ও মিছিল পরবর্তি সমাবেশে উপস্থিত ছিলেন।









