সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনুর বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। আবেদনে উল্লেখিত অভিযোগের বিষয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) তদন্তভার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে বাদী হয়ে এ মামলার আবেদন করেন রকিবুল হাসান। এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
তার আইনজীবী আল মামুন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বলা হয়, রকিবুল হাসান একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত সুধী (বাংলাদেশের সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড)। তাকে নিয়ে 'মানবতা আজ কোথায়' নামে একটি পেজে একটি ভিডিও দিয়ে একটি পোস্ট দেয়। পোস্টের হেডলাইন হলো—'চোর যখন নীতিবাক্য শুনায়'। এই ভিডিওটি সুব্রত চৌধুরী নামে এক ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনু। তিনি কমেন্টে বলেন—দাদা, এই লোকটার উত্থানের পেছনে তোমাদের অবদানই বেশি। উনি মুক্তিযোদ্ধা কখনও ছিলেন না! অথচ মিডিয়ার কল্যাণে ৫০ বছর পর বীর মুক্তিযোদ্ধাদের নাম??? কি বিচিত্র এই দেশ! সেলুকাস.... । এই কমেন্টটি করা হয় গত ১৫ আগস্ট। এমন মিথ্যা ও অসৌজন্যমূলক মন্তব্যে তার (রকিবুলের) ব্যক্তি ও পেশাগত জীবনে অর্জিত সুনামের ক্ষতি করা হয়েছে। যা মিথ্যা তথ্য ও মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ বিধায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারার অপরাধ।
এর আগে গত ২০ আগস্ট চিনুকে তার মন্তব্যটি দ্রুত প্রত্যাহার এবং জনসমক্ষে তার (রকিবুল) কাছে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন রকিবুল হাসান। নোটিশের অনুলিপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও ও আম্পায়ারস কমিটির চেয়ারম্যানকেও পাঠানো হয়।









