অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা ও ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, তদন্ত তদারক কর্মকর্তা হিসেবে বর্তমান সময়ের ডিজিটাল অপরাধ দমনে বিজ্ঞানভিত্তিক তদন্ত, মামলার খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে জানতে হবে এবং নিজেদের আরও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) সম্মেলন কক্ষে ‘এইড টু গুড ইনভেস্টিগেশন কোর্স’-এর ১০৭তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে সিআইডি প্রধান এসব কথা বলেন।
কোর্সটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স। এই কোর্সে সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ জন কর্মকর্তা অংশ নেন।
গত ১৬ আগস্ট শুরু হওয়া ১৫ কার্যদিবসব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের ডিএনএর নমুনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, সিডিআর বিশ্লেষণ, এজাহারের ভুলত্রুটি, ফরেনসিক, সাইবার অপরাধ, অ্যাসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, সাক্ষ্য আইন, মানবপাচার, মানি লন্ডারিং, আসামিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ( কমান্ড্যান্ট, ডিটিএস) হাসিব আজিজ, বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক ট্রেনিং সেন্টার) মো. মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার (ডিটিএস) সিদ্দিকা বেগমসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








