মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁস মামলার সাজাপ্রাপ্ত আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামসহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি ও চুরিতে সহায়তা করার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় করা এক মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন-মোহাম্মদ বশির ও ইসমাইল হোসেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক লোকমান। অপর দিকে তাদেন আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আলী হায়দার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি ও চুরিতে সহায়তা করার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন এস এম মহিবুল্লাহ মহিউদ্দিন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মেসির ৪৮ ভাগ শেয়ারের মালিক। তিনি দীর্ঘদিন ধরে গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে ফার্মেসি ব্যবসা পরিচালনা করে আসছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পরে এই প্রতিষ্ঠানের স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী কিছু ব্যক্তি বাদীর প্রতিষ্ঠানটি দখল করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যারিস্টার ফখরুলের হুকুমে অন্যান্য আসামিরা গত ৯ জুলাই ফার্মেসির ক্যাশ থেকে ১১ লাখ ১৯ হাজার টাকা ও ২ কোটি টাকার ওষুধ নিয়ে যায়।
বাদী মামলায় আরও উল্লেখ করেন, ঘটনার সময় তিনি একটি মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেসাকেও আসামি করা হয়।









