রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম খোরশেদ আলম (৯০)।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ওই বৃদ্ধকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন টিপু সুলতান নামে এক পথচারী। তিনি বলেন, ‘খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই বৃদ্ধ লোকটি কাতরাচ্ছিলেন। কিন্তু কেউ হাসপাতালে নিচ্ছিল না। পরে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওই পথচারী আরও বলেন, ‘যতটুকু শুনেছি, বৃদ্ধ লোকটি রেললাইনের পাশে প্রস্রাব করতে বসেছিলেন। তিনি কানেও শুনতেন না।’
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, নিহত বৃদ্ধ তার স্ত্রী রাবেয়া বেগমসহ খিলগাঁও রেললাইনের পাশে ফুটপাতে থাকতেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।
মৃত খোরশেদ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা ছিলেন।









