ঢাকায় সকাল থেকেই ঝরছে বৃষ্টি। একেবারে হালকাও না আবার ভারীও না— এমন বৃষ্টি ভিজছে রাজধানীবাসী। সারাদিনের বৃষ্টির পর বিকালের আকাশে যেন সন্ধ্যা নেমে গেছে। রাস্তায় চলাচল করা গাড়িগুলোতে হেডলাইট জ্বলতে দেখা গেছে, আকাশ এতটাই অন্ধকার।
দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা আবার কোথাও ভারী। বৃষ্টিতে নাকাল মানুষ।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমে আসবে।
আবহাওয়া অধিদফতর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের বাংলাদেশের উত্তরপশ্চিমাংশে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায় ১৭৩ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৪৩, রাজশাহীতে ১৬৬, রংপুরে ৫৭, ময়মনসিংহে ৪৭, সিলেটে ১০, চট্টগ্রামে ১৮, খুলনায় ১৬ এবং বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।









