ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। নির্যাতিত মুসলমানদের রক্ষায় জাতিসংঘসহ মানবতাবাদীদেরকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা-নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ফিলিস্তিনের মুসলমানদের হত্যার বিষয়ে জাতিসংঘের কোনও প্রতিবাদ আমরা দেখছি না। মাজলুমদের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবো। তিনি বলেন, জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর যে জুলুম-নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে আমাদের রাজপথে থাকা অত্যাবশ্যকীয়। আমেরিকা, ইউরোপসহ যে সকল দেশ যুগ যুগ ধরে মুসলমানদের উপর আক্রমণকারীদের পক্ষাবলম্বন করে মানবতাবিরোধী কাজ করছে।
সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, মুসলিম জাগরণ শুরু হয়ে গেছে। ৫১ বছর পরে ফিলিস্তিনিদের জমি উদ্ধারে সোচ্চার হওয়ায় পশ্চিমারা এবং ভারত ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে। তিনি বলেন, মুসলমানরা তাদের দখল হওয়া জমি যেকোনভাবে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বায়তুল মোকাদ্দাস রক্ষায় আমরা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি।









