মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘চাঁদা না দেওয়ায়’ এক নারীকে গুলি করে আহত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্বজনরা। বিদ্যুৎ বেগম (৫০) নামের গুলিবিদ্ধ আহত ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ বেগম শ্রীনগর উপজেলার পূর্ব বাগরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলী হাওলাদারের স্ত্রী।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গুলিবিদ্ধ নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের ছেলে মো. তুষার হাওলাদার অভিযোগ করে বলেন, ‘এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা ৮ থেকে ১০ দিন যাবত ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমরা তা দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করায়, সন্ধ্যা ৬টার দিকে চার থেকে পাঁচ জন এসে আমার মাকে গুলি করে চলে যায়। গুলি মায়ের পেটে বিদ্ধ হয়।’
আহতবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।









