চলমান রাজনৈতিক সহিংসতায় কর্তব্যরত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘গতকাল রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় পুলিশ সদস্য নিহত এবং বহু গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। এ সহিংসতায় রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনমনে আতঙ্ক তৈরির ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়।’
তিনি নিহত পুলিশ সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিরোধীদলীয় নেতা সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি যথাযথ ক্ষতিপূরণ প্রদানেরও আহ্বান জানান।
উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশকে ঘিরে সহিংসতায় নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) কর্মরত ছিলেন।









