অবৈধ অভিবাসী ফেরাতে খুব শিগগির যুক্তরাজ্যের সঙ্গে এসওপিতে সই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে কি এই এসওপির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবোই। তারা কতখানি করবেন, সেটা তারা জানেন।’
তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে হবে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই। আমাদের অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। আপনারা জানেন, ইউরোপের সঙ্গে আমাদের এসওপি হয়েছে, যারা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন, যে কারণে তাদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। আমরাও বলেছি, খুব শিগগির আমরা এই এসওপিতে সই করবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। আমাদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অনেক দিনের, সেটা স্মরণ করেই তিনি আমাদের কাছে এসেছেন।‘
তিনি বলেন, ‘তারা আমাদের দেশের সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে চান। তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন বিভিন্ন খাতে। আমরাও তাদের বলেছি, আমাদের পুলিশ অফিসাররা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেটা আমরা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছেন, এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’









