আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো জ্বালাও-পোড়াও, সন্ত্রাস করেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
তারা বলেন, মহাসমাবেশের নামে তারা পুলিশ হত্যা, মানুষ হত্যা, সাংবিধানিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মতো ন্যক্কারজনক কাজ করছে। আর বিদেশি অপশক্তিগুলো দেশের অভ্যন্তরে এসব সন্ত্রাস এবং জঙ্গিবাদের অপরাজনীতি চালিয়ে যেতে সহায়তা করছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী আকরম খাঁ হলে আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি’ শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন।
সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত গবেষণাভিত্তিক সংগঠন এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)।
এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘অদম্য বাংলাদেশের উত্থানকে রুখে দিতে স্বাধীনতাবিরোধী দেশি ও বিদেশি অপশক্তিগুলো দেশের অভ্যন্তরে সন্ত্রাস এবং জঙ্গিবাদের অপরাজনীতি চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের জনগণকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
প্রধান আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং জ্বালাও-পোড়াও কখনও রাজনীতির হাতিয়ার হতে পারে না। এখন বিদেশি অপশক্তির স্বার্থ রক্ষার্থে স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো রাজনীতির নামে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবি'র সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিইউপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইআরডিএফবি'র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।









