গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের উপর হামলা ও কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৫৩) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পল্টন থানায় দায়ের মামলায় এজাহারনামীয় আসামি গ্রেফতার মোস্তফা।
শুক্রবার (১০ নভেম্বর) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন বিএনপি নেতা গোলাম মোস্তফা। তার বিরুদ্ধে সাভারসহ রাজধানীর বিভিন্ন থানায় মারামারি, হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।









