ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিশ্ব মানবিকতার বিবেক এখন কোথায়? নবী করিম (সা.) মানুষের প্রতি ভালোবাসার কথা বলেছিলেন। শুধু মুসলমানের জন্য ভালোবাসার কথা বলেননি। সারা পৃথিবীর মানুষের জন্য বলেছেন।
রবিবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী-২০২৩ উপলক্ষে ‘হজরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, আমরা একটা বিশ্বাসের ওপরে চলছি। এই বিশ্বাসটা হচ্ছে, নবী করিম (সা.) বলে গেছেন, এটা আল্লাহর কোরআন। তোমরা এটা ফলো করো। এখানে সব কথা বলা আছে। এই অনুযায়ী চলো, আর আমার জীবন-চরিত লক্ষ করো। আমরা তার জীবন-চরিত লক্ষ করে চলছি। এই জীবন-চরিত লক্ষ করে চললে আমার মনে হয় না আমাদের জীবনে কোনও দুঃখ কষ্ট থাকবে। বিশ্ব মানবিকতার কথা বলা হয়েছে।
তিনি বলেন, বিশ্বে আজ যে মানবিক বিপর্যয় ঘটছে, আজ ফিলিস্তিনের যে অবস্থা, ফিলিস্তিনের এই অবস্থার জন্য কারা দায়ী, কীভাবে দায়ী, কেন হলো এই অবস্থা? ইতিহাস পেছন থেকে একটু পড়তে হবে। ইতিহাস যদি পড়েন, দেখবেন কমবেশি সবার ভুল থাকতে পারে। কিন্তু একটি বিষয়ে ভুল নেই। মানুষকে হত্যা করা, নারী হত্যা করা, শিশু হত্যা করা, যেকোনও মানুষকে হত্যা করা জঘন্য পাপ। সব ধর্মে তা-ই বলে।
ফিলিস্তিনের বিপর্যয়ের বিষয়ে প্রধান বিচারপতি আরও বলেন, টেলিভিশনে দেখবেন প্রতিদিন ফিলিস্তিনে কত লোক মারা যাচ্ছে। আমরা এক উম্মাহ বলি। সারা বিশ্বের মুসলিমরা এক উম্মাহ। কোথায়? কোথায় হইচই, কোথায় শব্দ?
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করেছে। আমরা কোনও আক্রমণকে সমর্থন করি না। বাংলাদেশ সরকারও সমর্থন করেনি। সেখানে বিশ্বের বহু অংশ সরব। জাতিসংঘে রেজুলেশন নিচ্ছে। সেখানে তারা ভেটো দিচ্ছে। কিন্তু ইসরায়েলের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব একটি শক্ত কথা বলেছেন। সেই শক্ত কথা বলার পরে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করা হচ্ছে। ইসরায়েল সেদিন যে ধৃষ্টতা দেখিয়েছে, যে রেজুলেশনের কপি ছিঁড়ে ফেলে দিলো কোনও একটা মিটিংয়ে, আমার কাছে মনে হয়েছিল পতন বোধহয় আসন্ন। কারণ, এরকম একটি ঘটনা ১৯৭১ সালে জুলফিকার আলী ভুট্টো ঘটিয়েছিলেন, যখন বাংলাদেশে অত্যাচারের ব্যাপারে একটি রেজুলেশন নেওয়া হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো তখন সেটা ছিঁড়ে রেখে দিলেন। পতন হয়ে গেলো পাকিস্তানের। ঠিক আমার কাছে মনে হয়েছে ইসরায়েল সে ঘটনা ঘটিয়েছে।
সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান (এম আর হাসান), অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।









