মেট্রোরেলের ভেতরে লাগানো বিজ্ঞাপনের ছড়াছড়ি নিয়ে উঠা সমালোচনার বিষয়টি নিশ্চিত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একটি তদন্ত কমিটি গঠন করেছে। এসব বিজ্ঞাপন নিয়ম মেনে যথাযথ স্থানে সাঁটানো হয়েছে কিনা তদন্ত করে দেখবে এই কমিটি। কমিটির দেওয়া তথ্য অনুযায়ী কোনও অসঙ্গতি পেলে তা নিয়ে দায়িত্ব পাওয়া বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কথা বলবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
সোমবার (১৪ নভেম্বর) ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি পরিদর্শন গিয়েছে।
এ বিষয়ে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, আমরা মেট্রোর ভেতরে যে সব জায়গায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, সেগুলো ঠিক করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি দেখেছি তবে সেগুলো সঠিক কিনা এ ব্যাপারে নিশ্চিত নই। তবে আমাদের ঠিক করে দেওয়া জায়গার বাইরে কিছু বিজ্ঞাপন সাঁটানো হয়েছে বলে দেখা গেছে। তা নিয়ে আমরা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলবো। এরপর কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের মধ্যে মেট্রোরেলের অভ্যন্তরে এক বছরের জন্য বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম বিষয়ে একটি চুক্তিটি সই হয়। চুক্তি অনুসারে মেট্রোরেলের ভেতরে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের ভিডিও বিজ্ঞাপন, ডাইনামিক ও ফিক্সড স্টিকার বিজ্ঞাপন চালাতে পারবে মিডিয়াকম।









