স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় চলচ্চিত্রটির প্রদর্শনী হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনয় শিল্পি আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চলচ্চিত্রটির নির্মাণশৈলী ও চরিত্রগুলোর অভিনয় অতীত ইতিহাসকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলে। বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিজীবনের নানান বিষয় ও পঞ্চাশের দশকের নানান ঘটনাপ্রবাহ চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলচ্চিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা করলো। এটি ছিল এই চলচ্চিত্রের ৩১৭ তম প্রদর্শনী।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার।









