সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর কাকরাইল মোড়ে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় কাকরাইল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে তফসিল ঘোষণার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পুরো এলাকা জুড়ে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ প্রসঙ্গে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে কোনও কথা নেই, তারা তাদের কর্মসূচি পালন করবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানো-ভাঙচুরের চেষ্টা করে এবং অরাজকতার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে আছে। বিন্দুমাত্র অরাজকতা সহ্য করা হবে না।
এর আগে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সকাল থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, র্যাব ও বিজিবিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট সব সংস্থা।









