জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস রত্না।
শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর শিশু কল্যাণ পরিষদে সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে নির্বাচিত হন।
গত ৪ আগস্ট সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুর পর তিনি এ পদে স্থলাভিষিক্ত হলেন। আগামী মার্চে কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে খেলাঘরের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
বৈঠকে সারা দেশ থেকে আসা নেতারা বলেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ হলো মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা। পাশাপাশি সামাজিক নানা অবক্ষয় থেকে শিশুদের সুস্থ ধারায় ফিরিয়ে আনা।
তাই আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিশু সংগঠনসহ সকল দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানান তারা।
খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য কামাল চৌধুরী, আবদুল মতিন ভূঁইয়া, অধ্যাপক শরীফ আহমেদ, শফিকুর রহমান শহিদ, আলতাব হোসেন, হান্নান চৌধুরী, হাসান তারেক, সুনীল সরকার, অশোকেশ রায়, আবদুল মান্নান, অনিকেত আচার্য, ফিরোজ আলম, সুজন মজুমদার প্রমুখ।









