রাজধানতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (৬ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার আবেদনটির ওপর শুনানি হতে পারে।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির এ তথ্য জানান।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে।
ওই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকেও আসামি করা হয়।









