বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার বাদী দুদকের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) রহিমা খাতুনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তার সাক্ষ্য শেষ হয়। তবে আসামি ফালু পলাতক থাকায় তার পক্ষে জেরা হয়নি। আগামী ২৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
এর আগে গত ১ ফেব্রুয়ারি রাহিমা খাতুন সাক্ষ্য দেওয়া শুরু করেন।
মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইস্যু করে। নোটিশের পরিপ্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়।
২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় তার স্ত্রী মাহবুবা সুলতানাও আসামি করা হয়।
২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। চার্জশিট দাখিল হওয়ার পর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। যার কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। এরপর আদালত আবেদন খারিজ করে দেন।
২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।









