দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলী।
সোমবার (১১ ডিসেম্বর) ফারজানা রাব্বী বুবলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে ফারজানা রাব্বী বুবলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি গণমাধ্যমে বুবলী নিশ্চিত করেছেন। তিনি প্রার্থিতা ফিরে পেতে গত বুধবার ইসিতে আপিল করেছিলেন।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমার বাবা ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব করেছেন। সাঘাটা-ফুলছড়িতে আমি যে জনসমুদ্র দেখেছি, তাতে শতভাগ আশাবাদি, আমি জয়লাভ করবো।’
নিজে ও পরিবারের সদস্যদের বঙ্গবন্ধুর সৈনিক উল্লেখ করে বুবলী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা এতদূর পর্যন্ত এসেছি। আমি তার বিরুদ্ধে কোনও কাজ করবো না ও তার বিরুদ্ধেও যাবো না। মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী ওপেন করে দেওয়ায় আমি আজকে এখানে এসেছি, নির্বাচন করছি। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার বাবার যে অসমাপ্ত কাজগুলো আছে, সেগুলো আরও এগিয়ে নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর সামনে যাবো ও বলবো। আমি জানি, আমাদের মা দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা কখনোই ফেলবেন না। তিনি প্রত্যেক এলাকায় বড় বড় উন্নয়ন করেছেন। পুরো বাংলাদেশকে তিনি উন্নয়নের ধারায় নিয়ে গেছেন।’
এর আগে গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তা ফারজানা রাব্বী বুবলীর মনোনয়ন বাতিল করেন। পরবর্তীতে প্রচলিত আইন অনুসারে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আবেদন করলে কমিশন তা বৈধ ঘোষণা করে।









