কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম ও বড় মেয়ে মির্জা শামারুহ সাক্ষাৎ করেছেন।
রবিবার (১০ ডিসেম্বর) গাজীপুরের কাশিমপুর কারাগারে দুপুর একটার সময় মির্জা ফখরুলের সঙ্গে তারা দেখা করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ফখরুলের পারিবারিক সূত্রে জানানো হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো আছেন। পত্রিকার মাধ্যমে দেশের খবর রাখছেন।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সকালে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি পুলিশ।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলা করানো এবং প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এরপর কয়েক দফায় মির্জা ফখরুলের জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত।









