অবৈধভাবে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৩ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।
আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। তবে পল্টন থানা-পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য বিচারক পরবর্তী প্রতিবেদন দাখিলের নতুন করে তারিখ ঠিক করেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।
মামলার অপর দুই আসামি হলেন, ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন ও সাইফুল ইসলাম।
রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তিনি। আসামিরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।









