গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত চালক ইমদাদুল হক (৫৭) ও তার সহকারী মো. সবুজ মিয়াকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ইমদাদুলের অবস্থা গুরুতর। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
চালক ইমদাদুল হক নেত্রকোনার কেন্দুয়ার সিলিমপুর গ্রামের বাসিন্দা। সবুজ মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের মাওহা গ্রামে।
তাদের হাসপাতালে নিয়ে আসা ফারুক জানান, গাজীপুরের ভাওয়াল রাজেন্দ্রপুর এলাকায় দুর্বৃত্তরা ট্রেন লাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। আহত ইমদাদুল হক ও সবুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে গাজীপুর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সবুজ শঙ্কামুক্ত হলেও চালক ইমদাদুলের অবস্থা গুরুতর।’
এর আগে, বুধবার ভোর সাড়ে ৪টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের লোকো মাস্টারসহ বেশ কয়েকজন আহত হন ও একজন মারা যান।









