রাজনীতিতে নিজের ব্যক্তিগত কোনও চাওয়া-পাওয়া নেই বলে মনে করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকের এই প্রার্থী ভোটের জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি নিজের প্রচারণায় এই প্রার্থী বলেন, ‘আমার ব্যক্তিগত কোনও চাওয়া-পাওয়া নেই। আমার চাওয়া দোহার ও নবাবগঞ্জবাসী সুখী-সমৃদ্ধ হোক, আর অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাকে আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তোলা। উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনগণের পাশে থেকে এলাকা সুষম উন্নয়ন নিশ্চিত করা আমার রাজনীতির লক্ষ্য।’
তিনি বলেন, ‘আমাদের রাজনীতি একমাত্র লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা। যদি আমরা এই দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারি তাহলে আমাদের রাজনীতি করা সার্থকতা আসবে না।’
দোহার-নবাবগঞ্জ যাতে করে দেশের অন্যান্য উপজেলাগুলোর সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রার মহাসড়কে উঠতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দাবি করে সালমা ইসলাম বলেন, ‘দোহার-নবাবগঞ্জবাসীর কাছে আমি ঋণী। কারণ বরাবরই তারা আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করেন। তাদের দোয়া, আশীর্বাদ সবসময় আমাকে কাজে অনুপ্রেরণা যোগায়। তাইতো দোহার-নবাবগঞ্জের আনাচে-কানাচে গিয়ে দুস্থ ও অসহায়দের সেবা করা, এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানসহ এলাকার সামগ্রিক উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে।’ উন্নয়নের ধারাকে সুসংঘটিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সালমা ইসলাম বলেন, ‘ইতোপূর্বে আমি আপনাদের সুখে-দুঃখে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এলাকার দায়িত্ব ও কর্তব্য আমাকে প্রেরণা জোগাচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দোহার-নবাবগঞ্জবাসীর ভালোবাসার সমর্থন ও ম্যান্ডেট পেলে অতীতের ন্যায় সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক হৃদয় নিয়ে আপনাদের সেবায় সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।’









