রিটার্নিং অফিসার ও জেলার পুলিশ সুপারকে ভয়ভীতি ও বদলির হুমকির দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সোমবার (১ জানুয়ারি) বিকাল ৩টায় তাকে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব (আইন) আব্দুস সালামের সই করা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮-৩১৮৮৪ ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে ৩ দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হমকি প্রদান করেন তিনি। সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি ওই প্রার্থী নির্বাচনি আচরণ বিধিলঙ্ঘন ও নির্বাচনি অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ করেছেন বলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠিয়েছেন।
ওই কর্মকাণ্ডের মাধ্যমে আরপিও’র বিধান লঙ্ঘনে ওই প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।









