রাজধানী ঢাকা একাধারে দেশের সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম নগরী। জীবনের তাগিদে এখানে সর্বদা মানুষের ছুটে চলা। সেই ব্যস্ততম নগরী এখন যেন বিশ্রাম নিচ্ছে।
রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। ভোট শেষ হলেও এখনও রাজধানীতে নির্বাচনের আমেজ কাটেনি। গাড়ির চাপ নেই। অসহনীয় যানজট নেই। রাস্তাঘাট ফাঁকা। মানুষজনও কম। সবকিছু বেশ শান্ত।
রাজধানীর ব্যস্ত রাস্তাগুলো এখন প্রায় ফাঁকা। বিশেষ করে শ্যামলী, গাবতলী, কলাবাগান, মিরপুর রোড, কাওরান বাজার, বাংলামোটর ফার্মগেটসহ আশপাশের এলাকায় গণপরিবহন অনেক কম। গতকালের চেয়ে আজ রাস্তায় বিআরটিসি বাস তুলনামূলক বেশি। অটোরিকশা ও রিকশার পাশাপাশি ব্যক্তিগত গাড়িও দেখা গেছে। কিছু কিছু এলাকায় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে কর্মস্থলে যাওয়ার জন্য। সকালে অফিস এলাকাগুলোতেও যানবাহনের চাপ তেমন লক্ষ্য করা যায়নি। সর্বদা ব্যস্ত নগরী এখন অনেকটা জিরিয়ে নিচ্ছে।
মোহাম্মদপুর থেকে প্রয়োজনীয় কাজে বাংলামোটর যাচ্ছিলেন সিফাত নাহার। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন সিএনজি অটোরিকশার জন্য। তিনি জানান, আজ বাস্তায় গাড়ি কিছুটা কম, তাই অপেক্ষা করতে হচ্ছে।









