ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ২১ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (২১ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাগুলোর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্ত এ দিন কোনও সাক্ষী আদালতে হাজির হয়নি। এ জন্য আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন করে তারিখ ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী এ তথ্য জানান।
আজ সকালে এই মামলাগুলোতে আদালতে হাজিরা দেন রফিকুল ইসলাম মাদানী।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে ২০২১ সালের ২৫ মার্চ বিক্ষোভকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
একই বছরের ৭ এপ্রিল নেত্রকোনা নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব। পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ রয়েছে, আসামি রাষ্ট্র, সরকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টিরও অভিযোগ রয়েছে। ওই ঘটনায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা ও বাসান থানায় এবং রাজধানীর তেজগাঁও, মতিঝিল থানায় পৃথক চারটি মামলা হয়। ২০২৩ সালের ৪ নভেম্বর এসব মামলায় জামিন পেয়ে তিনি কারামুক্তি হন। বর্তমানে তিনি সব মামলায় জামিনে রয়েছেন।









