রাজধানীর শাহজাহানপুরে শাপলা মসজিদের পাশে গরুর হাট এলাকায় সিটি করপোরেশনের (দক্ষিণ) উচ্ছেদ অভিযান চলার সময় পুলিশ ও স্থানীয়দের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সঙ্গে সংর্ঘষে পুলিশের এক কনস্টেবল আহত হয়।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেলের নাম মেহেদী হাসান (২৪)। তার পায়ে শটগানের গুলি লাগে।
পরে আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে বিকাল পোনে পাঁচটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত রয়েছেন।
তার সহকর্মী মো. সজীব হোসেন জানান, আমরা সিটি করপোরেশনের (দক্ষিণ) এক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। ওই সময় সেখানকার স্থানীয় লোকজন আমাদের ঘিরে ফেলে। আমাদের ওপর হামলা চালায়, ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়া হয়। সে সময় মেহেদী হাসান আহত হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেহেদী হাসান জরুরি বিভাগে চিকিৎসাধীন।









