রাজধানীর শাহজাহানপুরে খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজারে উচ্ছেদ অভিযান চালানোর সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানপুর থানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লেবার ইনচার্জ এসএম হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০০ থেকে ১৩০০ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। এতে সরকারি কাজে বাধা দেওয়ার ও হামলার অভিযোগ করা হয়েছে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বাংলা ট্রিবিউনকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মালো বলেন, গতকালের ঘটনায় করা মামলার তদন্ত চলছে। এখনও অভিযানে আছি। উল্লেখিত আসামিদের গ্রেফতার ও অজ্ঞাতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা হচ্ছে।
রবিবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শাহজাহানপুরে খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজার উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লোকজন। এসময় হামলার ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২৪)। একই সময় শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও পরিদর্শক-অপারেশন মাইদুল ইসলামসহ আরও চার জন আহত হন।









