দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেট স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবদুল হাই এ আবেদন করেন। তার পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
এর আগে, ১ ফেব্রুয়ারি আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেন হাইকোর্ট। দুই মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
ভোটগ্রহণ এবং গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। পরে ইসির ওই নির্বাচনী গেজেট স্থগিত করেন বিচারপতি আসাদুজ্জামানের কোর্ট।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফল অনুযায়ী এই আসনে তিনি পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) ৮০ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।









