আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। দুটি উৎসবকে ঘিরে রাজধানীতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। দিনটি ঘিরে বিভিন্ন উন্মুক্ত স্থানে উঠতি বয়সী ছেলেমেয়েরা আনন্দে মেতে ওঠে। এ জন্য রাজধানীর উন্মুক্ত স্থান, পার্ক, উদ্যানগুলোতে বাড়তি নজরদারি রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।
বিশেষ করে দিনটি ঘিরে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক বড় করেই সরস্বতী পূজার আয়োজন করা হয়। সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে বইমেলার শুরু থেকেই পুরো মেলা প্রাঙ্গণ নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে। মেলার ভেতরে ও বাইরে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছেন। সিসিটিভি দিয়ে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে রাখা হয়েছে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার। সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিকনির্দেশনা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং, ড্রোন দিয়ে মেলা প্রাঙ্গণ মনিটরিং করা হচ্ছে। এছাড়া পুলিশের ‘সোয়াত’ ও ‘বোম্ব ডিসপোজাল টিম’ স্ট্যান্ডবাই রয়েছে।
পুলিশ জানিয়েছে, শুধু বইমেলা প্রাঙ্গণ না, ভালোবাসা দিবস ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি, শাহবাগ, রমনা পার্ক, চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে তরুণ-তরুণীদের সমাগম বেশি হয়ে থাকে। এসব এলাকায় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানের সিসি ক্যামেরা সচল রাখা হয়েছে। এছাড়া রাজধানীর যেসব স্থানে সরস্বতী পূজা উদযাপনের আয়োজন রয়েছে, সেখানেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
হাতিরঝিল ও মগবাজার মধুবাগ মহানগর প্রজেক্ট এলাকায় যেকোনও ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিরাপত্তা রক্ষায় নজরদারি করবে।
ডিএমপির শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল বইমেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর জনসমাগম হবে। বিষয়টি মাথায় রেখেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নিরাপত্তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকা ও তরুণ-তরুণীরা একসঙ্গে বের হবে। রাজধানীতে কয়েকটি বড় বড় পার্ক-উদ্যান রয়েছে, এসব উন্মুক্ত স্থানে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি আগামীকাল সনাতন ধর্মাবলম্বীরা তাদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালন করবে। রাজধানীতে যেখানে পূজার আয়োজন হচ্ছে সেখানে আমরা নিরাপত্তা জোরদার করেছি। আমাদের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বিনোদনের নামে কোনও অশ্লীল কর্মকাণ্ড করলে কঠোর হস্তে দমন করা হবে।’









