অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন—গাজীপুরের টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম, কুমিল্লা ডিবি কার্যালয়ের সাবেক ইন্সপেক্টর নার্গিস আক্তার ও এ কে এম মনজুর আলম।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
একটি মামলায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ও অপর মামলায় তার স্ত্রী আসমাউল হুসনাকেও আসামি করা হয়েছে। দুদক ও মানিলন্ডারিং আইনে মামলা দুটি গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হবে। মামলা দায়েরের পর সংশ্লিষ্ট বিভাগে এজাহারসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আকতারুল ইসলাম আরও জানান, কুমিল্লা ডিবি কার্যালয়ের সাবেক ইন্সপেক্টর নার্গিস আক্তার এবং একই কার্যালয়ের সাবেক ইন্সপেক্টর এ কে এম মনজুর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এজাহারে।









