ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে শিক্ষা সচিব, ভিসি, ঢাবি, কলেজ পরিদর্শক সাঈদ খোকন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষকে বিবাদী করা হয়।
পরে রিটকারী আইনজীবী বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগের সিদ্ধান্তে আছে কোনও সংসদ সদস্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারবেন না। কিন্তু ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকনকে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তাই সে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।









