স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রাম এবং আইসিডিডিআর,বির সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব (সিএইচআইবি) চালু হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে ঢাকার গুলশান এভিনিউয়ের লেকশোর হাইটসে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে "বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব চালু করা: জলবায়ু পরিবর্তনের কেন্দ্রে মানুষের স্বাস্থ্যকে রাখা" শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন অংশীদার সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা, উন্নয়ন সংস্থা এবং এনজিওর বিশেষ ব্যক্তিরা।
এনসিডিসি’র লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন ক্লাইমেট চেঞ্জ ইনোভেশন হাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, “সকল স্টেকহোল্ডার একই অবস্থানে আছেন তা নিশ্চিত করার জন্য আমাদের এ ধরনের একটি হাবের প্রয়োজন ছিল। এর ফলে এখন থেকে আমরা তথ্য বিনিময় করার পাশাপাশি নতুন গবেষণার সু্যোগ এবং সক্ষমতা তৈরি করতে পারবো”।
‘ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব’ উদ্যোগটি দ্য রকফেলার ফাউন্ডেশন, ফাউন্ডেশন এস-দ্য সানোফি কালেক্টিভ, এমরি ইউনিভার্সিটি, ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ফিউচার এবং রাইমস দ্বারা সমর্থিত। এছাড়া উন্নয়ন সহযোগী হিসেবে আছে ননকমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি), স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) এবং বিভিন্ন সংস্থার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।








