বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) সাবেক ছয় কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের উপ-পরিচালক খান মো. মীজানুল ইসলামের সই করা চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে এ মামলা দায়েরের অনুমোদন দিয়ে উপ-পরিচালক সুবেল আহমেদকে চিঠি দিয়েছে কমিশন। যাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে, তাদের মধ্যে মেসার্স সার্ক গার্মেন্টস এক্সসেসরিজের মালিক এস এম কবির রয়েছেন।
এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের আশুগঞ্জ শাখার সাবেক অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মির্জা তৈয়বুর রহমান, একই শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. ছাইদুর রহমান, আফতাব উদ্দিন আহমেদ ও মো. হারুন উর রশিদ, একই ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার কে এম মইন উদ্দিন ও মো. নুরুল ইসলাম এবং ইউনিক সার্ভে সার্ভিস ব্যুরোর সার্ভেয়ার মো. মশাররফ হোসেন দোলন। প্রয়োজনীয় কাজ শেষে যেকোনও কার্যদিবসে মামলাটি দায়ের করা হবে বলে জানান আকতারুল ইসলাম।









