সাউথইস্ট ব্যাংকের কুষ্টিয়া প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক জাকির হোসেনসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ মার্চ) কমিশন থেকে এ অনুমোদন দিয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়কে চিঠি দেওয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে জাকির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে ২০১৯ সালের ১৪ অক্টোবর মামলা দায়ের করে দুদক। জাকির হোসেন কুষ্টিয়ার সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক থাকা অবস্থায় জাল জালিয়াতির মাধ্যমে প্রায় সাড়ে তিন কোটি আত্মসাৎ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিলে কমিশন পৃথক তিনটি চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
অভিযোগপত্রে যাদের আসামি করা হয়েছে তারা হলেন— সাউথ ইস্ট ব্যাংকের কুষ্টিয়া প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক জাকির হোসেন, কর্মকর্তা প্রণব কুমার হীরা, একই ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, যশোরের রুপদিয়া শাখার এক্সিকিউটিভ অফিসার ওমর ইবনে মাহফুজ, প্যাম্পাস অ্যাগ্রো অ্যান্ড লজিস্টিকস অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মর্জিনা বেগম, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মেসার্স মোস্তফা শীষম রহমানের মালিক মো. মোস্তফা শীষম রহমান এবং মেসার্স শহীদ ট্রেডার্সের মারিক মো. শহিদুল ইসলাম।









