ঈদযাত্রায় কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কোনও ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেছেন, ঈদযাত্রায় কেউ পণ্যবাহী যানবাহনে কিংবা অন্য কোনও যানবাহনের ছাদে, খোলা ট্রাক বা পিকআপে উঠতে পারবেন না। আমরা কোনোভাবেই এবার অনিরাপদ ঈদযাত্রা সহ্য করবো না। এবার হাইওয়ে পুলিশ সড়কে কঠোর থাকবো। যারা অনিরাপদ যানবাহনে যাত্রী উঠাবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৯ মার্চ) পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়ক-সড়ক পথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশের উদ্যোগে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মো. শাহাবুদ্দিন খান বলেন, মালিক-শ্রমিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ— আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেটি পালন করুন। কোনও ধরনের ফিটনেসবিহীন, অনিরাপদ, লক্করঝক্কর যানবাহন বা বাস সড়কে যেন না চলাচল করে। আমরা কঠোর থাকবো৷ ফিটনেস না থাকলে আইনগত ব্যবস্থা নেবো।
অতিরিক্ত আইজিপি বলেন, এবারের ঈদ যাত্রায় সকল ধরণের আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও পরিবহন মালিক-শ্রমিক পক্ষ টার্মিনালে থাকবে, থাকবে মোবাইল কোর্ট। আশা করছি, এবার অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই করতে দেওয়া হবে না।
হাইওয়ে পুলিশের প্রধান বলেন, প্রযুক্তিগত সহায়তাসহ নানান ধরণের পদক্ষেপের মাধ্যমে হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্যকে আমরা প্রস্তুত করেছি। এরপরও যদি কোনও সদস্য ব্যত্যয় ঘটান, অনিয়ম করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে৷
তিনি বলেন, থ্রিহুইলার মহাসড়কের একটা বড় সমস্যা। যানজট ও দুর্ঘটনার বড় কারণ। উচ্চ আদালত কর্তৃক এসব নছিমন, করিমন, ভটভটি মহাসড়কে চলাচল নিষিদ্ধ। অনেক ধরণের চেষ্টা স্বত্বেও আমরা মহাসড়ক থেকে এসব প্রত্যাশিত মাত্রায় কমাতে পারিনি। এরমধ্যে যদি এসব ঈদযাত্রায় মহাসড়কে নামে তবে তা হবে ঝুঁকির। এজন্য প্রত্যেক জেলার পুলিশ সুপার ও পরিবহন মালিক শ্রমিকদের দায়িত্ব নিতে হবে।









