বঙ্গবন্ধুর নাতনি আজমিরা সিদ্দিক রুপন্তি বলেছেন, তিনি তার নানাকে জীবদ্দশায় দেখেননি, কিন্তু ছোটবেলা থেকেই তার মা শেখ রেহানা বঙ্গবন্ধুর গল্প শোনাতেন। শেখ রেহানার কাছেই শুনেছেন ৭ মার্চ-এর ঐতিহাসিক ভাষণের কথা। পরবর্তীতে ভিডিওতে দেখেছেন নানার ঐতিহাসিক ভাষণ।
৭ মার্চের প্রেক্ষাপটের বর্ণনা দিতে গিয়ে আজমিরা সিদ্দিক বলেন, তার মা শেখ রেহানা বলেছেন, তার নানা ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়ার আগে তার নানী শেখ ফজিলাতুন্নেসা মুজিব নানার চুলে হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন,‘তুমি কারো কথা শুনবে না, তোমার মনে যা আসে মঞ্চে উঠে নির্ভয়ে তাই বলবে।’ ৭ মার্চ উপলক্ষে লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এর হংকং থিয়েটার হলে আয়োজিত বিএমই সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রেহানার কন্যা আজমিরা সিদ্দিক ছিলেন অন্যতম আলোচক।
নিউইয়র্কের মিডিয়াম্যাক্সের ফিন্যান্সিয়াল এডিটর চৌধুরী রেজা জুলফিকার মাহমুদের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবদুল হান্নান। ‘শেখ মুজিবুর রহমান দ্য পোয়েট অব পলিটিক্স‘ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে ছিলেন লন্ডন অ্যাসেম্বলী মেম্বার মুরাদ কুরেশী, ডেইলি অবজারভারের অ্যাসোসিয়েট এডিটর সৈয়দ বদরুল আহসান ও লন্ডন হাই কমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির। সেমিনারের আয়োজক লন্ডন স্কুল অব ইকনোমিক্সের স্টুডেন্ট ইউনিয়নের বিএমই অফিসার মাহাথির পাশা বাংলা ট্রিবিউনকে বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের সেরা রাষ্ট্রনায়কদের ভাষণের একটি। এই ভাষণই বাঙালি জাতিকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তাই স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। সেমিনারের আগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এপিএইচ/








