পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। মানবপাচার সংক্রান্ত প্রচলিত আইন ও বিদেশযাত্রীদের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ভিসাসহ গমনাগমন সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র সম্পর্কে জানতে হবে।’
সোমবার (২৭ মে) সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে মানবপাচার প্রতিরোধ ও দমনে তদন্তকারী ও তদারকি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ‘ক্যাপাসিটি বিইলডিং ট্রেইনিং অন ইনভেস্টিগেশন টেকনিকস অব ট্রাফিকিং ক্যাশ’ শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিআইডিপ্রধান আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত আদালতে হাজির করার জন্য সিআইডি হেডকোয়ার্টারে একটি “মানবপাচার সেল” গঠন করা হয়েছে। এ সেল মানবপাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানবপাচার সংক্রান্ত প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা করার ব্যবস্থা গ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকি, গোয়েন্দাতথ্য সংগ্রহ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি যে কোনও ধরনের মানবপাচার বা প্রতারক কর্তৃক প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করার আহ্বান জানান।
সিআইডি জানায়, উন্নত ভবিষ্যতের আশায় ও পরিবারের জন্য অর্থ জোগাতে প্রতিবছর দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন বহুমানুষ। এরমধ্যে অনেকেই মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত ও নিঃস্ব। অনেকেই হারাচ্ছে তাদের সুন্দর জীবন। এসব দালালচক্রকে আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে সিআইডি। মানবপাচারের শিকার ভুক্তভোগীদের সিআইডির মানবপাচার সেলে হটলাইন নম্বর ০১৩২০০১৭০৬০ ও ইমেইল thb.cid@ police.gov.bd যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
জাস্ট অ্যান্ড কেয়ারের সহযোগিতায় কোর্সটিতে একজন সহকারী পুলিশ সুপার, ১৪ জন পুলিশ পরিদর্শক এবং ২০ জন উপ-পরিদর্শক অংশগ্রহণ করেন।









