ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (৫ জুন) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সই করা এক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
আদেশে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির ৩ সদস্য হলেন- গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদ, শিশু বিভাগের অধ্যাপক ডা. লুৎফন্নেছা ও সহকারী পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রহমান। কমিটিতে গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদকে সভাপতি, শিশু বিভাগের অধ্যাপক ডা. লুৎফন্নেছাকে সদস্য ও সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এর আগে সোমবার (৩ জুন) দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ২১২ নম্বর ওয়ার্ড থেকে সদ্য ভূমিষ্ঠ কন্যা নবজাতককে চুরি করে নিয়ে যায় এক নারী। এ ঘটনায় ওই নবজাতকের বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ২৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ওই নবজাতককে উদ্ধার করতে পারেনি পুলিশ।









