সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের অনুরোধে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় ১৮ জুন (মঙ্গলবার) থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানায়, সিলেটের এই বিদ্যুৎ উপকেন্দ্র থেকে সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট শহরের পার্শ্ববর্তী বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, যেকোনও দুর্যোগ মোকাবিলায় ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে আসছে বলে জানায় আইএসপিআর।









