ঝড়-বৃষ্টি ও প্রচণ্ড তাপপ্রবাহ মাথায় নিয়ে মহানগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করে থাকেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা। শুধু নগরবাসীকে নিরাপদে আপন ঠিকানায় ফিরতে নয়, দুর্ঘটনায় পড়লে প্রাথমিক চিকিৎসার মতো মানবিক সেবাও দিয়ে যাচ্ছেন তাদের অনেকে।
বৃহস্পতিবার (২০ জুন) ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ এমনই একটি কাজ করে দেখিয়েছে। রাজধানীর রামপুরায় দুর্ঘটনায় আহত এক যাত্রীকে তারা নিজেরাই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পৌঁছে দেয়।
এ প্রসঙ্গে ট্রাফিক-রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে রামপুরা ব্রিজের ওপর ইনকামিংয়ে (বাড্ডা থেকে আগত) দাঁড়ানো বাসের পেছনে একটি সিএনজি বেপরোয়াভাবে চালিয়ে কাজী সেলিম দ্বীন নামে এক ব্যক্তিকে আঘাত করলে তিনি আহত হন। এ সময় তার কপাল ফেঁটে রক্ত পড়তে থাকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য আহত যাত্রীকে দ্রুত রামপুরা ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তী সময়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের কাছে বুঝিয়ে দেন তারা।
এ ঘটনায় আঘাত করা সিএনজি ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ট্রাফিক পুলিশের এমন মানবিক প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রমে সিএনজি আরোহী, তার পরিবার ও উপস্থিত নগরবাসী সন্তোষ প্রকাশসহ বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত, ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) উদ্যোগে ট্রাফিক-মতিঝিল বিভাগের প্রতিটি ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফাস্ট এইড বক্স’ রাখা হয়েছে এবং প্রত্যেক সার্জেন্টকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।









