রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে গেছে চোর।
শুক্রবার (২১ জুন) রাতে রহিম বেপারীর ঘাটে একটি ভবনের তিন তলায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাজু আহমেদ। ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ওই ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণ খালি হাতে বাসাটিতে প্রবেশ করে। এর পাঁচ মিনিট পর বাসা থেকে নেমে যায়। ধারণা করা হচ্ছে গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
আজ বিকালে রায়ের বাজারের কাটাসুর রোডের ওই বাসায় গিয়ে জানা যায়, তিন তলার দরজার লক ভেঙ্গে বাসা প্রবেশ করে চোর। এরপর বাসার দুই রুমের দুইটি ওয়ারড্রব ও একটি স্টিলের আলমারি ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ, আলমারিতে রাখা একটি মাটির ব্যাংকে থাকা ৭০ হাজার টাকা ও ওয়ারড্রবে থাকা এক লাখ ৬ হাজার টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী পাপিয়া আক্তার বলেন, আমি বাসায় খাবার রান্না করে বিক্রি করি। আমার স্বামী ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করে। এভাবে একটু একটু করে স্বর্ণালংকার কিনেছিলাম। বাবার বাসায় চা খেতে গিয়েই সব হারালাম।
তিনি বলেন, স্টিলের আলমারির ভেতরে মাটির ব্যাংকে প্রায় ৭০ হাজার ও ওয়ারড্রবে এক লাখ ৬ হাজার টাকা ছিল। সব নিয়ে গেছে।
পাপিয়ার স্বামী রাজু বলেন, গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে এই চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক তরুণ খালি হাতে বাসায় প্রবেশ করে। এর পাঁচ মিনিট পর বাসা থেকে নেমে যায়। রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল করে পুলিশকে জানাই। পুলিশ এসে দেখে গেছে। অভিযোগ নিয়েছে।
এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্ফুজ হক বলেন, রায়ের বাজারের কাটাসুরে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।









