দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে দাবি করেছেন নড়াইল-১ আসনের সরকার দলীয় এমপি কবিরুল হক মুক্তি। তিনি বলেছেন, দুর্নীতি আমাদের দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। আমার কাছে মনে হয়, এ দুর্নীতির আঘাত থেকে আমরা কেউ বাইরে নয়। মূল দোষ হয় জনপ্রতিনিধির।
বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কবিরুল হক মুক্তি।
তিনি বলেন, সংসদের সাড়ে তিনশ এমপি, তাদের দুর্নীতি করার সুযোগ কোথায়? আমার কথায় কোনও কাজ হয় না, চাকরি হয় না। আমার কথায় সরকারের কোনও কেনাকাটা হয় না। তাহলে দুর্নীতি কীভাবে করবো? তারাই দুর্নীতির সঙ্গে জড়িত, যারা সরকারের কেনাকাটায় জড়িত।
মুক্তি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি আছেন, একজন পিডির কত শত কোটি টাকা আছে। আমার কাছে মনে হয়— এরা মানসিক বিকারগ্রস্ত। এদের চিকিৎসা হওয়া প্রয়োজন। আমাদের সময় খুব কম। দেশটাকে যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে না পারি, তাহলে ৩০ লাখ শহীদ আমাদের অভিশাপ দেবে।
কবিরুল হক মুক্তি বলেন, বাংলাদেশের কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী বা আমরা (এমপি) কথায় কথায় বিদেশে চেকআপে যাই, মাউন্ট এলিজাবেথ, ইউরোপ-আমেরিকায় যাই। এর মাধ্যমে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জনগণের কাছে অনাস্থা যায়। এ অবস্থা থেকে উত্তরণ না হলে আমরা যতই বড় বাজেট দেই না কেন, দেশের জন্য ভালো হবে না।









