রাজধানীর কদমতলীর মুরাদপুর নিজ বাড়িতে চাঁন মিয়া (৬২) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বিকাল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী স্বাধীন আক্তার বলেন, তার স্বামী আগে সৌদি আরবে থাকতেন। দুই বছর আগে দেশে আসেন। সৌদিতে থাকাকালীন তার মা ও ভাই-বোনদের জমি লিখে দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তার ভাইদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া চলছিল।
তিনি বলেন, দুপুরে আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। সে সময় সবার অগোচরে শয়নকক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার স্বামীর ভাইবোনদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে অভিমানে আত্মহত্যা করতে পারে।
নিহত চাঁন মিয়া পটুয়াখালী জেলায় মৃত রিয়াজ উদ্দিন মৃধার ছেলে। বর্তমানে মুরাদপুর জিরো পয়েন্ট এলাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে তিন মেয়ের জনক ছিলেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।









