রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা রোডে সবজির আড়তের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চট দিয়ে মোড়ানো মাছের ককশিটের বাক্সের ভেতর মরদেহটি ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৭ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ্।
তিনি বলেন, শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে বারোটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই ওয়াসিম বিল্লাহ্ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা লোকটিকে পিটিয়ে হত্যা করে লাশ মাছ রাখার ককশিটের বাক্সে রেখে ওই স্থানে ফেলে যায়। তার শরীরে বিভিন্ন স্থানে জখম রয়েছে।
তিনি বলেন, এক রিকশাচালক ওই বাক্সটি পড়ে থাকতে দেখতে পায়। বাক্সটি ভারী দেখে থানায় খবর দেয়। পরে আমরা সেখান গিয়ে বাক্সটি খুলে মরদেহ দেখতে পাই। নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। তবে জনৈক এক ব্যক্তি মাধ্যমে শোনা যাচ্ছে, নিহত ব্যক্তির নাম নুরনবী। বাড়ি কক্সবাজার চকরিয়া। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।









